মিয়ানমার থেকে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ

এরা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য।

টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে এদের মধ্যে ১৪ জনকে অপেক্ষা করতে দেখা গেছে টেকনাফ বাসস্টেশনের আবু ছিদ্দিক মার্কেট এলাকায়।

এরা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুজন নারী, দুজন পুরুষসহ ১০ জন শিশু রয়েছে।

মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকাযোগে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা হয়ে তারা বঙ্গোপসাগরের টেকনাফের সদরের মহেশখালীয়া পাড়া উপকুলে ওঠেন। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিল। অপর ৮ জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও অটোরিকশাযোগে এরা টেকনাফ স্টেশন এলাকায় আছেন। ওখানে মার্কেটে আশ্রয় নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখেছে। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি এসব রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মিয়ানমারের জান্তা সরকারের সংঘাতের পর ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিলেন ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

আরও