রাজবাড়ীতে ইঞ্জিনচালিত নসিমনের চাপায় সজিব মোল্লা (৪০) নামের এক মোটর মিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ওবায়দুর মোল্লার ছেলে। তিনি শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মোটর মেরামতের কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সজিব স্কুল থেকে ছেলেকে বাড়ি পৌঁছে দিয়ে বাজারে আসার পথে নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।