ধর্ম উপদেষ্টা

জাতীয় নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি বলেন, মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তিতে কান দেয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি বলেন, মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।

তিনি জানান, ১৬ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এখন এলাকাবাসীর দায়িত্ব মসজিদভিত্তিক সমাজ গড়ে তোলা ও সবাইকে নিয়মিত মসজিদমুখী করা। মসজিদ সচল রাখতে হবে ও পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। নামাজ মানুষের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ অন্যরা।

আরও