ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারো বিপন্ন প্রজাতির তিনটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে হনুমান দুটি উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তিনটি মুখপোড়া কালো হনুমান উদ্ধার করা হয়। লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান বিক্রি ও পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মো. সুজন উদ্দিন (২৪) ও মো. শাকিল নামে দুজনকে গ্রেফতার করা হয়।
গতকাল সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হনুমান দুটি হস্তান্তর করেন।
সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, হনুমান দুটি চট্টগ্রামের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে।
এর আগে ৭ অক্টোবর রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী জিএস ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান ও কচ্ছপ নিজ হেফাজতে রাখায় আহাদুজ্জামান রাজু (৪২) নামে একজনকে আটক করা হয়।