করোনাভাইরাসের
সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটের মোংলা পৌরসভায়
এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে বাগেরহাট জেলা করোনা মনিটরিং
কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা
প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের হার
আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সব
থেকে বেশি। সংক্রমন নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে
আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
সভায় গৃহীত
সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলাকালে সকল ধরণের গণপরিবহন, শপিংমল, হোটেল-রেঁস্তোরা, খেয়া পারাপার বন্ধ থাকবে। শুধুমাত্র খাবার হোটেল থেকে পার্সেল নেয়া যাবে। কঠোর বিধি-নিষেধ প্রতিপালন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত
করতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি কোস্টগার্ড
মাঠে থাকবে।
এদিকে, জেলার সিভিল সার্জন ডা.
কে এম হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেন, গত ২৪ ঘন্টায়
বাগেরহাটে ১শ ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত
হয়েছে। এই সময়ে মারা গেছে চার জন। সংক্রমনের হার ৪৪ শতাংশ।
জেলায়
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯‘শ ৬২ জনে। মারা
গেছেন ৫১ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪‘শ ৬২জন এবং নিজ বাড়ি ও বিভিন্ন হাসাপাতালে
চিকিৎসাধীন রয়েছেন ১‘শ ৬০ জন।