গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে নওগাঁয় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান প্রমুখ।
এবাদুল ইসলাম বলেন, ‘সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে গণঅধিকার পরিষদ। তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে-ময়দানে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, তাদের কোনো মূল্যায়ন নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।’
সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হয়েছে, যা অগণতান্ত্রিক এবং অপমানজনক।’
তিনি বলেন, ‘দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই। ওপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। সম্প্রতি নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের সব অঙ্গসংগঠনের নেতাদের মৌখিক ভোট উপেক্ষা করে জেলা কমিটি গঠনের জন্য একটি উপকমিটি গঠন করা হয়। তবে তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে অলৌকিক ক্ষমতায় কমিটি ঘোষণা করা হয়েছে, যা ওই উপকমিটিই জানে না। মূল সংগঠন গণ অধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করছে অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী।’