খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।
রোববার (১৬ নভেম্বর) সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে এ সংগঠন।
মালিক সমিতির পক্ষ থেকে রুপসা বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি, ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সব ধরণের থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকে সমঝোতা হয়নি। প্রশাসন তাদের তিন দফা দাবী মেনে না নেয়ায় ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগের ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরো বলেন, সরকার অনুমোদন ছাড়া বিআরটিসি নামধারী বাসগুলো লাগামহীন ভাবে সড়কে চলাচল করছে। যা আইনের পরিপন্থী। প্রভাবশালীরা ডিপো ম্যানেজারদের সঙ্গে অনৈতিক যোগসাজসে এ ধরনের কর্মকান্ড সম্পন্ন হওয়ায় অভ্যন্তরীন রুটে বাস মালিক ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া সরকারি অনুমোদনবিহীন অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন যত্রতত্র বেপরোয়া ও ইচ্ছা খুশিমত চলাচল ও যাত্রী বহন করে।
সংবাদ সম্মেলনে বাগেরহাট ও অন্যান্য জেলার আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের তিন দফা দাবিগুলো হলো: সরকারী অনুমোদন ব্যতীত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি বাস বন্ধ করতে হবে, সড়কের পাশে থাকা বিআরটিসির সব কাউন্টার অপসারণ, ইজিবাইক-মাহিন্দ্রসহ সবধরণের থ্রি হুইলার জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক বাদে পার্শ্ববর্তী সড়কে চলাচল করতে হবে।