অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেছেন পাঁচ ভারতীয়। আজ বুধবার দুপুর ১২টায় সীমান্ত চেকপোস্টের শূন্যরেখা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উপস্থিতিতে এ পাঁচজনকে ফেরত দেয়া হয়। ভারতীয় চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপ্রা রায়ের কাছে এসব ভারতীয়কে হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেছুর রহমান।
বাংলাদেশে সাজা ভোগ করার পর নিজ দেশে ফেরত যাওয়া ভারতীয়রা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পশ্চিম আপতৈর গ্রামের হোপনা হেমরমের ছেলে লিপলাল হেমরম (৪৪), আসামের ধুবরি জেলার শুকচর থানার সিংগতিমারি গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন (৩৩), বর্ধমান জেলার গর্জনাচুটি থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে সামিউল হাসদা (৩৮), একই এলাকার মন্টু মুর্মর স্ত্রী শান্তনা মুর্মু (৪৮), মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (৪৩)। এরা কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে, কেউ মাদক খেয়ে ভুল করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের কেউ সাত বছর আবার কেউ গত দুই বছর ধরে সাজা ভোগ করে আসছিলেন।
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, ২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন সময় অনুপ্রবেশের দায়ে এসব ভারতীয় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তাদের গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে তাদের নওগাঁ ও দিনাজপুর কারাগারে রাখা হয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় দুদেশের মাঝে চিঠি চালাচালি ও আইন মোতাবেক সকল প্রক্রিয়া শেষ হয়। আজ তাদের মুক্তির আদেশ দেয়া হলে ইমিগ্রেশন শেষ করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।