প্রথমবার নাইজেরিয়ায় রফতানি হলো ১০ হাজারের বেশি ‘হ্যাচিং এগ’

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাচ্চা উৎপাদনের উপযোগী (হ্যাচিং) ডিম রফতানি করা হয়েছে।

কাজী ফার্মস লিমিটেড ১০ হাজার ৪৪০টি ‘রস ৩০৮ ব্রয়লার’ (প্যারেন্ট হ্যাচিং এগস) জাতের ডিম রফতানি করেছে। এ চালান থেকে ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হবে।

গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আয়োজিত এক অনুষ্ঠানে রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য দেশের প্রতিটি খাতকে রফতানিমুখী করে গড়ে তোলা। সে লক্ষ্য বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রফতানিমুখী খাতে পরিণত হচ্ছে। হ্যাচিং এগ রফতানির এ উদ্যোগ দেশের রফতানি বহুমুখীকরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।’

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর বিদেশে পণ্য রফতানি করতে পারা বাংলাদেশের উৎপাদন সক্ষমতার প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং আন্তর্জাতিক বাজারে দেশের প্রাণিসম্পদ খাতের গ্রহণযোগ্যতা বাড়ারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ 

ভবিষ্যতে এ ধরনের রফতানির পরিধি আরো বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সুলতান সালাহউদ্দিন টুকু। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, উপপরিচালক সাখাওয়াত হোসেন, উপপরিচালক শারমিন সামাদ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান। অন্যদের মধ্যে আরো ছিলেন কাজী ফার্মসের পরিচালক কাজী জিশান হাসান ও কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিন এবং মহাব্যবস্থাপক (বিক্রয়) আবু কাউসার মো. সালেহসহ আমন্ত্রিত অতিথিরা।

আরও