উপকূলীয় জেলার জলবায়ু উদ্বাস্তু লোকজন ভিটেমাটি হারিয়ে বাধ্য হয়েই পাড়ি জমায় শহরে। কেউ কেউ জীবিকার সন্ধানেও ঠিকানা গড়েন নগরে। কিন্তু শহুরে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকেই আশপাশের সরকারি কিংবা পরিত্যক্ত ভূমিতে মাথা গোঁজেন। নিঃস্ব এসব মানুষকে ঘিরেই এক সময় তৈরি হয় রাজনৈতিক পরিমণ্ডল, প্রশাসন থাকে নির্লিপ্ত। প্রভাবশালীদের হাত ধরে সরকারি পরিষেবা প্রতিষ্ঠানগুলোও অনিয়মে যোগ দেয়। আর এভাবেই ধীরে ধীরে বেহাত হয় সরকারি খাসজমিগুলো।
চট্টগ্রামের সলিমপুর ইউনিয়ন। সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এ জনপদটি জঙ্গল সলিমপুর নামেই পরিচিত। এর আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে এর সড়কপথে সহজ কোনো সংযোগ ছিল না। তবে কয়েক দশক ধরে সেখানে বসবাস করা লোকজন এক সময় নিজেদের উদ্যোগে গড়ে তোলা রাস্তা দিয়ে কিংবা বিকল্পভাবে চলাচল করতেন। সম্প্রতি বায়েজিদ এলাকা দিয়ে চট্টগ্রাম শহর থেকে ঢাকা মহাসড়কে পৌঁছানোর বিকল্প একটি সড়ক উন্মুক্ত হয়েছে। এর পরই প্রশাসনের নজরে আসে এলাকাটি। প্রশাসনের হিসাবে আলী নগর ও জঙ্গল সলিমপুর ইউনিয়নে এক লাখের বেশি মানুষের বসতি। সরকারি খাসজমি দখল করে কিংবা পাহাড় কেটে সেখানকার বাসিন্দারা বসবাস করছেন। যদিও ছিন্নমূল ওই লোকজনের দাবি, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের ‘খুশি’ করেই দশকের পর দশক ধরে তারা সেখানে মাথা গুঁজেছেন। তাদের অনেকেই আবার দখলকৃত জমি চুক্তিপত্রের মাধ্যমে কিনেছেন বলেও দাবি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা পাহাড়ি এ জনপদে দখল, প্লট তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। পাশাপাশি মুষ্টিমেয় কয়েকটি মিটারের মাধ্যমে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ নিয়ে হাজার হাজার পরিবারের ঘরকে আলোকিত করা হয়েছে। বিনিময়ে প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার সুবিধাভোগীরা নিজেদের পকেট ভারী করছেন। আর অবৈধ এসব লেনদেনে সব সুবিধা পাওয়ার কারণে বছরের পর বছর সলিমপুরে খাসজমি দখল করে বসবাসে বিপুলসংখ্যক মানুষকে উৎসাহিত করছে। বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে বড় এ বস্তিতে প্রায় লাখো মানুষের বাস। তাদের বড় একটি অংশই বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করেন। এর বাইরেও ছোট, মাঝারি ও ভারী স্থাপনা গড়ে তোলা হয়েছে সেখানে।
জেলা প্রশাসন খাসজমিটিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, নভোথিয়েটার, স্পোর্টস ভিলেজ, হাসপাতাল, জাতীয় তথ্যকেন্দ্র ও নাইট সাফারি পার্কসহ একাধিক সরকারি স্থাপনা গড়ার পরিকল্পনা করছে। তাই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। গত আগস্টে সলিমপুরের পাশের এলাকা আলীনগরে নিম্নআয়ের ১৭০টি পরিবারের দুই শতাধিক ঘর ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। ফলে ছিন্নমূল লোকগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। এরই মধ্যে সেখানকার বাকি বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ ভালো সিদ্ধান্ত হলেও পরবর্তী সময়ে সেখানে সরকারি অবকাঠমো গড়ে তোলার যে পরিকল্পনা, সেটি আরো ভয়ংকর। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের লালদিয়ার চর থেকে ১৪ হাজার মানুষকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে উচ্ছেদ করা হয়। কিন্তু তাদের এখনো পুনর্বাসন করা হয়নি। একইভাবে ২০১৩ সালে বস্তিবাসীদের আবাসনের জন্য চসিকের বানানো ভবনটি নিজেরাই দখলে নিয়ে নগর ভবন বানিয়েছে। জঙ্গল সলিমপুরেও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। কিন্তু কোনো ব্যবস্থা না করেই উদ্বাস্তুদের উচ্ছেদ অভিযান শুরু করেছে। এমনকি প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা, চলাচলের রাস্তা বন্ধ, যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে ছিন্নমূল উদ্বাস্তুদের আবার উদ্বাস্তু বানানো কখনই গ্রহণযোগ্য হতে পারে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধূরী বণিক বার্তাকে বলেন, জঙ্গল সলিমপুর ও আলী নগরে যেসব ছিন্নমূল লোকজন বসবাস করছে তারা একদিনে সেখানে থিতু হয়নি। তাদের প্রলোভন দেখিয়ে সরকারি জমি কেনাবেচা ও অপরাধের সঙ্গে জড়িয়েছে কিছু প্রভাবশালী। প্রশাসন এসব বিষয় জানলেও এতদিন উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর নির্লিপ্ততায় এসব সাধারণ মানুষ পদে পদে ঠকেছে। জাল দলিলের মাধ্যমে তাদের সঙ্গে প্রতারণ করা হয়েছে। প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তারা সেখানে দখলদারিত্বের সংস্কৃতি গড়ে তুলতে পারত না।
এ সমাজবিজ্ঞানী আরো বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি আছে। সেগুলোতে যারা বসবাস করছে তারা ছিন্নমূল, জলবায়ু উদ্বাস্তু। আর এ মানুষগুলো তো আমাদের বাংলাদেশেরই। তাই তাদের উচ্ছেদ করার আগে পুনর্বাসন করতে হবে। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন খাস জমি বরাদ্দ দিয়ে কৃষিসহ উৎপাদনশীল খাতে নিয়েও তাদের যুক্ত করা যেতে পারে। পাশাপাশি দীর্ঘ কয়েক দশক ধরে তাদের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত, যাতে ভবিষ্যতে আর এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত না হয়।
জানা গিয়েছে, জঙ্গল সলিমপুরে এ বসতি নিয়ন্ত্রিত হয় চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের অধীনে। ২০০৪ সালে গঠিত হয় সংগঠনটি। সে সময় প্রতিটি ৬০ টাকার বিনিময়ে দেড় হাজার স্কয়ার ফুটের প্রায় এক হাজার প্লট তারা হস্তান্তর করে। সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় ছিন্নমূল বস্তিবাসী নিজেদের প্রচেষ্টায় তৈরি করেছে তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, চারটি মাদ্রাসা, ১২টি মসজিদ, তিনটি কেজি স্কুল, তিনটি এতিমখানা, ছয়টি কবরস্থান, পাঁচটি মন্দির, দুটি কেয়াং, একটি গির্জা, একটি শ্মশান ও একটি কাঁচাবাজার। অবশ্য স্থানীয় সংসদ সদস্য ও কিছু দাতব্য সংস্থাও এতে সহায়তা করেছে। সেখানে অন্ধ ও হিজড়াদের জন্যও একটি বিশেষ অঞ্চল রয়েছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটিও নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছিল বস্তিবাসী। বিদ্যুৎ ব্যবহার করছে অবৈধভাবে।
বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের তথ্যমতে, এখানে বর্তমানে প্রায় ২৪ হাজার পরিবারের বসবাস। জেলা প্রশাসনের তথ্যানুসারে, ২০১০ সালে এখানে কেবল ৪ হাজার ৫৪৪টি পরিবার ছিল। অভিযোগ আছে, প্রায় ১২ হাজার ছিন্নমূল শিশুকে জন্ম নিবন্ধন দেয়া হয়নি। বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়া সলিমপুরের প্রায় ২ হাজার ২৫০ একর জায়গায় প্লট করে নিম্নবিত্তের কাছে বিক্রি করেছে ভূমিদস্যুরা এবং ঘর তুলে ভাড়াও দেয়া হয়েছে। এমনকি সরকারি কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ অনেকেই সেখান থেকে ভাড়া পান।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের (জেলা) উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার বণিক বার্তাকে বলেন, জঙ্গল সলিমপুর এলাকার পাহাড় কাটা কিংবা খাস জমি দখল নিয়ে অনেক আগেই জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছিল। আমরা ওই এলাকার পাহাড় রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও দখল হওয়া পাহাড়ের বিষয়ে ১১ দফা সুপারিশ ডিসি ও বিভাগীয় কমিশনারের কাছে জমা দিয়েছি। এ সুপারিশের ওপর ভিত্তি করেই জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ভূমি অধিদপ্তরের জরিপ না থাকায় কী পরিমাণ পাহাড় কাটা হয়েছে তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি। তাছাড়া খাস জমি নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র জেলা প্রশাসনের।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বণিক বার্তাকে বলেন, আমরা জঙ্গল সলিমপুর এবং আলীনগর এলাকায় দখলকৃত খাস জমি উদ্ধারে কাজ করছি। যারা প্রকৃত ভূমিহীন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ জায়গাটি নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে আলোচনা ও করণীয় সম্পর্কে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেভাবেই কাজ করা হবে।