ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সদস্যদের জন্য নির্মিত কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ রোববার বিকেল ৩টায় ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত লাইব্রেরির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
লাইব্রেরি উদ্বোধনের পরে নসরুল হামিদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি লাইব্রেরিটির নামকরণের প্রশংসা করেন। লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি বই ডিআরইউকে সরবরাহ করার আশ্বাস দেন।
উল্লেখ্য, লাইব্রেরির মধ্যে একটি ছোট মঞ্চ রয়েছে, যেখানে লাইব্রেরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, আল-আমিন ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।