শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে আরো ১০ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, এদিন ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর কাছে ভারত থেকে ১০ জনকে পুশ-ইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। তাদের মধ্যে ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এরপর নয়াদিল্লিতে থাকতে শুরু করেন। কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে ৩ দিন আগে বিমানে নয়াদিল্লি থেকে গোহাটিতে নিয়ে আসে পুলিশ। পরে সেখান থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটকদের সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা। আজ বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বাসস