গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে সহকর্মী শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে আটটায় গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মৃত নারী শ্রমিকের নাম চম্পা বেগম (১৮), তিনি নেত্রকোনার হারারকান্দি গ্রামের মো. কাউসার মিয়ার স্ত্রী। চম্পা হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিক মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক বন্ধ থাকায় ওই মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় গার্মেন্টেস শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।