বরিশালে গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে পথচারী এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনসংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক ও গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ওই চালকের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের নাম খাদিজা বেগম (৩০)। তিনি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের ওয়ারেছ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান খাদিজা বেগমকে চাপা দেয়। পিকআপ ভ্যানটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। স্থানীয়রা গুরুতর অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। গতকাল সকালে নিহত খাদিজা বেগমের ভাসুর দেলোয়ার হোসেন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। তবে আটক চালকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।