টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যকে ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা সহায়তা দেয়া হবে।
গতকাল দুপুরে টাঙ্গাইল শহরের বাজিতপুর প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকার ঐতিহ্যবাহী এ তাঁত শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বর্তমান সরকার এ শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব প্রশিক্ষণে তরুণ প্রজন্মকে তাঁত শিল্পে আগ্রহী করে তুলবে। সেই সঙ্গে বিগত সরকারের সময় দেশের যতগুলো টেক্সটাইল বন্ধ আছে সবগুলো বর্তমান সরকার চালু করবে। জামদানি, টাঙ্গাইলের শাড়ি, বেনারসি, রেশম ও দেশের অন্যান্য ঐতিহ্যবাহী তাঁতপণ্য বাংলাদেশের পরিচয় বহন করছে। এসব পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ডিজিটাল প্লাটফর্ম ও ই-কমার্স ব্যবহার করে তাঁতিদের দক্ষ করে তুলতে হবে।’
এর আগে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা টাঙ্গাইল শহরের বাজিতপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন ও পরিদর্শন করেন।