সড়ক নির্মাণে অদূরদর্শিতায় ঝুঁকিপূর্ণ চট্টগ্রামের প্রবেশমুখ

ফৌজদারহাটসংলগ্ন আউটার রিং রোড ও বায়েজিদ রিং রোড পরিচিত চট্টগ্রাম মহানগরীর প্রবেশমুখ হিসেবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মিত সংযোগ সড়ক দুটি জেলাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে। সংযোগ সড়ক দুটিতে এখন প্রতিনিয়তই মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে অনেক।

ফৌজদারহাটসংলগ্ন আউটার রিং রোড ও বায়েজিদ রিং রোড পরিচিত চট্টগ্রাম মহানগরীর প্রবেশমুখ হিসেবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মিত সংযোগ সড়ক দুটি জেলাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে। সংযোগ সড়ক দুটিতে এখন প্রতিনিয়তই মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে অনেক। সংশ্লিষ্টরা বলছেন, কোনো ধরনের টেকসই পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক দুটি। যানবাহনের অধিক ঘনত্বযুক্ত মহাসড়ক থেকে সংযোগ সড়কে প্রবেশের মুখে ইউলুপ বা ওভারপাস নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। নির্মাতা সংস্থার এ অদূরদর্শিতার কারণেই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সংযোগ সড়ক দুটি।

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামকে সংযুক্তকারী মহাসড়কটিকে বলা হয় দেশের অর্থনীতির লাইফলাইন। জাতীয় মহাসড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত হয় ২০১৮ সালে। এ সময় মহাসড়কটি দিয়ে সম্ভাব্য যানবাহন চলাচলের যে সংখ্যার প্রাক্কলন করা হয়েছিল, বর্তমানে চলাচল করছে তার চেয়ে অনেক বেশি। এ বিপুলসংখ্যক যানবাহন প্রতিদিন চট্টগ্রামে আসা-যাওয়া করছে সংযোগ সড়ক দুটি দিয়ে। যদিও যানবাহনের এ বড় চাপ সামলানোর উপযুক্ত করে সংযোগ সড়ক দুটি নির্মাণ করা হয়নি বলে অভিযোগ যোগাযোগ বিশেষজ্ঞদের।

বায়েজিদ লিংক রোড ও আউটার রিং রোড সংযোগ সড়ক দুটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিশেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজসংলগ্ন এলাকায়। এর মধ্যে আউটার রিং রোডটি মহাসড়ককে সংযুক্ত করেছে বন্দর ও ইপিজেড এলাকার সঙ্গে। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিমুখী যানবাহনগুলো চলাচল করে বায়েজিদ লিংক রোড দিয়ে। সরেজমিনে দেখা গিয়েছে, কোনো ধরনের সার্ভিস লেন না থাকায় ভারী ও দ্রুতগামী যানবাহনগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সড়ক দুটির সংযোগস্থলে এসে হঠাৎ করেই গতি কমাতে বাধ্য হচ্ছে। মহাসড়কে যানবাহনের ঘনত্ব বেশি হলে সংযোগ সড়কে ইউলুপ বা ওভারপাস নির্মাণের নিয়ম থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে সংযোগ সড়ক বাস্তবায়নকারী সংস্থা সিডিএর কোনো উদ্যোগ সেভাবে দৃশ্যমান হয়ে ওঠেনি। যদিও চট্টগ্রামের প্রবেশমুখ হিসেবে পরিচিত এলাকাটিতে দিন দিন যানজট তীব্রতর হওয়ার পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে।

ফৌজদারহাট জংশন হিসেবে পরিচিত এলাকাটিতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ বলেন, আউটার রিং রোড দিয়ে চট্টগ্রাম বন্দরের বৃহৎ লরি, কাভার্ড ভ্যান যাতায়াত করে। ঢাকামুখী লরি, ট্রাক বা কাভার্ড ভ্যানগুলো ফৌজদারহাট দিয়ে ডানদিকে টার্ন নিয়ে যখন আউটার রিং রোড দিয়ে প্রবেশ করে, তখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে তীব্র যানজট শুরু হয়। গভীর রাতেও এ এলাকায় যানজট তৈরি হয়। জংশনের প্রবেশমুখ বড় করার পাশাপাশি ওভারপাস বা ইউলুপ নির্মাণ করলে সমস্যার সমাধান হতে পারে।

এসব প্রকল্প হাতে নেয়ার আগে কেন সড়ক বিভাগ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনাগুলো করা হচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া। বণিক বার্তাকে তিনি বলেন, সমস্যা চিহ্নিত হচ্ছে প্রকল্প শেষ হওয়ার পর। টানেল, আউটার রিং রোড কিংবা বায়েজিদ লিংক রোডের যানবাহন কীভাবে চলাচল করবে, কোন দিক দিয়ে টার্ন নেবে; সেগুলো এখন চিন্তাভাবনা করা হচ্ছে। এভাবে বারবার পরিকল্পনা সংশোধনের কারণে প্রকল্পগুলোর কার্যকারিতা কাজ শেষের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। শুরুতেই যথাযথভাবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করা প্রয়োজন ছিল।

হাইওয়ে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর ফৌজদারহাট বাইপাস মোড়ে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু নিহত হন। ভোরবেলায় তাদের বহনকৃত প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে এলে ঢাকা থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুই মেয়ে মারা গেলেও ব্যাংক কর্মকর্তা হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই বছরের ১৯ মে বাইপাস মোড়ে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যুবরণ করেন মো. ইয়াসিন নামে এক ব্যক্তি। এদিকে ২০২০ সালের ১১ জানুয়ারি এ সংযোগ সড়কে গাড়ির ধাক্কায় মারা যান বাইক আরোহী পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও তার আত্মীয় শহীদুল ইসলাম।

বায়েজিদ লিংক রোড চালু হয় এক বছর আগে। লিংক রোড থেকে যানবাহনগুলোকে মহাসড়কের ঢাকামুখী লেনে উঠতে হলে চট্টগ্রামের দিকে ২০০ মিটারের বেশি পেছনে যেতে হয়। এ দূরত্ব এড়াতে গিয়ে সংযোগ সড়কটি দিয়ে আসা মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস বা ছোট-মাঝারি যানবাহনগুলো প্রায়ই উল্টোপথে মাত্র ১০ মিটার পেরিয়ে মহাসড়কের ওপেনার দিয়ে (আউটার রিং রোড সংযোগ) ঢাকামুখী লেনে প্রবেশ করে। ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা খুবই সীমিত হওয়ায় বিষয়টিকে নিয়ন্ত্রণ করাও বেশ কঠিন। ট্রাফিক আইন অমান্য করে যাওয়া এসব যানবাহন দুর্ঘটনায় পড়ার পাশাপাশি ওই এলাকায় অনাকাঙ্ক্ষিত যানজট তৈরি করে। বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে যান চলাচল কম হওয়ায় এ সময় আইন অমান্যকারী যানবাহনগুলো বেশ বেপরোয়াও হয়ে ওঠে। ওই স্থানে এ সময়টিতেই দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে বলে জানিয়েছে হাইওয়ে ট্রাফিক বিভাগ।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানা সূত্র জানিয়েছে, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে ফৌজদারহাট বাইপাস এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হয়। লোকবল কম থাকায় চাহিদার তুলনায় সীমিত লোকবল দিয়েই গুরুত্বপূর্ণ বাইপাস সংযোগে কাজ করতে হয় পুলিশকে। প্রতিদিন ১২ ঘণ্টার শিফটে একজন সার্জেন্ট বা এসআই ও তিনজন কনস্টেবল দিয়েই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

অপরিকল্পিতভাবে সংযোগ সড়ক দুটি নির্মাণের বিষয়টি স্বীকার করছেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসও। বণিক বার্তাকে তিনি বলেন, ফৌজদারহাট জংশন এলাকাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বায়েজিদ লিংক রোড ও আউটার রিং রোড হয়ে বঙ্গবন্ধু টানেল সড়কের সংযোগ সড়ক হিসেবেও কাজ করছে। সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে এ জংশনে প্রায়ই যানজট লেগে থাকে। যার কারণে সড়কগুলোয় যানজট নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ টার্নগুলো সহজ করতে আমরা পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, বায়েজিদ লিংক রোড থেকে যানবাহন বের হওয়ার জন্য ঢাকামুখী একটি ইউলুপ নির্মাণ এবং টার্নওভার এলাকায় নতুন করে ওভারপাস বা অন্য সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের পর ফৌজদারহাট জংশনের সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।

সার্বিক প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বণিক বার্তাকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দৈনিক প্রায় ৪৩ হাজার যানবাহন চলাচল করে। ইউলুপ কিংবা ওভারপাস না থাকায় ফৌজদারহাট বাইপাসে তীব্র যানজটের বিষয়টি দৃশ্যমান। সওজ বিষয়টি উপলব্ধি করেছে। তাছাড়া লিংক রোডগুলো নির্মাণের সময় প্রকল্পের মাধ্যমে বর্তমান জটিলতার সহজ সমাধান ছিল। এর পরও আমরা বিষয়টি নিয়ে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সংকট নিরসনে কাজ করব।

আরও