বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে আজ রাজধানী শহর ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ১৪৯। সে হিসাবে বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’।
৪০৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহর আজ পাকিস্তানের লাহোর। এর পরের অবস্থানেই আছে ভারতের রাজধানী নয়াদিল্লী— স্কোর ৩০৮। দুটো শহরের বায়ুমানই ‘দুর্যোগপূর্ণ' ক্যাটাগরিতে পড়েছে।
পরের তিন অবস্থানে রয়েছে যথাক্রমে বেইজিং, কলকাতা ও উজবেকিস্তানের তাশকান্ত।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।