সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তি প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অবরোধ করেন তারা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গতকাল দুপুরে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেয়া হয়েছে। পরে সেই স্বাক্ষর ব্যবহার করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চলছে।

সমাবেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, ‘আমরা কোনোভাবেই সাভার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সব কার্যক্রম সাভারকেন্দ্রিক। তাই এ তিন ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গেই রাখতে হবে। ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের কাছ থেকে স্বাক্ষর নেয়া হয়েছে। সে স্বাক্ষর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

বক্তারা আরো জানান, সাভারের তিন ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে অবরোধ করেন এলাকাবাসী। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও