চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া গুলশানপাড়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে আরেক ভাই ও ভাতিজা নিহত হয়েছেন। ঘটনার পর হামলাকারী বাবু ও ভাগ্নে রাজুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে আলুকদিয়ার গুলশানপাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তৈয়ব আলীর ছেলে মিরাজ (১৯)। গুরুতর আহত হন তৈয়ব আলী (৫৫)। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথেই মারা যান তিনি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গুলশানপাড়ার জহুরুল ইসলাম দুখুর ছেলে হাসান আলী বাবু ও তার ভাই তৈয়ব আলীর ছেলে মিরাজের সঙ্গে ১০ কাঠা জমি নিয়ে বিরোধ চলছিল। জমি দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বাবু ও রাজীবসহ ২-৩ জন মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এতে মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী বাবু ও রাজীবকে আটক করে পুলিশ।