গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে. এম বাবর বলেছেন, ‘গোপালগঞ্জের কোনো চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা তিন এমপি কথা বলেছি। তিনি (প্রধানমন্ত্রী) স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন, গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করার জন্য বিশেষ বরাদ্দ দেয়ার জন্য। সাড়ে তিনশ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে গোপালগঞ্জে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহন করব।’
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খাল ও মধুমতি নদীর সংযোগস্থলে বহু কাঙ্ক্ষিত ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. কে. এম. বাবর বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ায় মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। আশাকরি, একটি সুন্দর বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারব।’
এ সময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫.৭৪ মিটার দৈঘ্যের আর ১৩.২৫ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৪০ লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের মানুষ উপকৃত হবে।
গত সরকারের সময় পাচুরিয়া খালের সঙ্গে শহর মধুমতি নদীর সংযোগ স্থাপন করা হয়। সংযোগস্থলে ব্রিজ নির্মাণের কাজ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ সাড়ে তিন বছর ঝুলে ছিল।