চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ৫ হাজার টাকার চুক্তিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ২৮ রাউন্ড গুলি চালিয়েছিলেন তৌহিদুল ইসলাম ফরিদ। গত শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।
স্থানীয় সূত্র অনুযায়ী তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মনু সওদাগর বাড়ির মো. সেকান্দরের ছেলে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। নগরীর চান্দগাঁওয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করার কথা স্বীকার করেছে সে। সব মিলিয়ে আন্দোলনের সময় ২৮ রাউন্ড গুলি ছোড়ে সে।
মো. রইছ উদ্দিন জানান, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান। তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলছে। তৌহিদুলের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে।