প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরে ভারত সফর করতে পারেন— এমন গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘গুঞ্জন নিয়ে তো আমি আলাপ করতে পারি না। আমি বাস্তবতা নিয়েই কথা বলি।’
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা ইতিবাচক ফলাফল পেতে পারি। আর চ্যালেঞ্জ তো আছেই, আগেই আপনাদের বলেছি। আলোচনার মাধ্যমেই আমরা এসব চ্যালেঞ্জ অতিক্রম করব।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যখন পরিবেশ অনুকূল হবে, তখনই আমরা সফরটি করব।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার সঙ্গে আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ।
সফরের সময় নির্ধারণ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সময় তো পরে। আলোচনার মাধ্যমে যখন আমরা একটি পারস্পরিক অবস্থানে পৌঁছাব, অর্থাৎ যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন তারিখ ও সময় নিয়ে আলোচনা করব।
বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিউইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনও ছিল।
এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ উপায়ে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা বৈঠকে তুলে ধরেন।