সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এই সোনা জব্দ করে। তবে পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। সাতক্ষীরা ৩৩ বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, বিজিবির নিয়মিত টহল দল সীমান্তের কাকডাঙ্গা এলাকার জিরো পয়েন্টের কাছাকাছি টহল দিচ্ছিলো।
এসময় একটি মোটরসাইেকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। একপর্যায়ে বিজিবি সদস্যদের দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এরপর মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। তিনি জানান এর ওজন চার কেজি ৬৭০ গ্রাম। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ নিয়ে যাওয়া হয় সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি‘র অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।