মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদে নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আতঙ্কগ্রস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গুলি ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তির নাম আবদুল হক (৪৮)। পুলিশ জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি মারধর করে হত্যা করা হয়েছে তাকে। হামলায় গুলিবিদ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুইজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর থেকে খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, চরকেওয়ার ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে রাতে একজন স্ট্রোক করে মারা গেছেন। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।