পিরোজপুরে জাল টাকার ব্যাগসহ যুবক আটক

শনিবার (২৮ জুন) দুপুরে সিও অফিস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুর শহরের সিও অফিস মোড় থেকে জাল টাকা লেনদেনের সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (২৮ জুন) দুপুরে সিও অফিস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া যুবকের নাম আলমগীর হোসেন (৩৮)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বর্শিবাওয়া এলাকার ওসমান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে পিরোজপুর শহরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। এদিন তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পিরোজপুরে এসে জাল টাকা সরবরাহের চেষ্টা করছিলেন। লেনদেনের সময় ব্যাগসহ হাতেনাতে ধরা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন সজিব বলেন, আলমগীর হোসেন বেশ কিছুদিন ধরে শহরে জাল টাকা সাপ্লাই দিচ্ছিলেন। শনিবারও তিনি জাল টাকা সরবরাহ করতে এসেছিলেন। আমরা তাকে জাল টাকার ব্যাগসহ ধরে ফেলি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, সিও অফিস মোড় থেকে পাঁচ হাজার টাকার জাল নোটসহ আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জাল টাকা উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ আরো জানিয়েছে, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও