বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিগত সরকারের সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরসূরি হিসেবে তাকে বেছে নিয়েছে বিএনপি।

দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করা রিজভীকে কিছুদিন আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গতকাল বিএনপি মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরই রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

বিএনপির গতকাল সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকেই তার ছেড়ে দেয়া মহাসচিবের পদে কে আসবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর ওপরই আস্থা রাখল বিএনপি।

ছাত্রজীবনেই বিএনপির রাজনীতিতে যুক্ত হন রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন এ ছাত্রনেতা। পরবর্তী সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির ষষ্ঠ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সময় ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রিজভী নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি ও গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে সামনের সারির নেতা ছিলেন। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় দুই মাস অবরুদ্ধ অবস্থায় থেকেও নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন তিনি। দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সে কারণই রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে বেছে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর রুহুল কবির রিজভী বণিক বার্তাকে বলেন, ‘এ পদে মনোনীত করার জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ। একই সঙ্গে এটি আমার জন্য ভীষণ আনন্দের সংবাদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে কাজ করেছি এখনো দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার কাজ।’

আরও