সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি দায়ের করেন উপপরিচালক তানজির হাসিব সরকার।
এজাহারে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।
তাহমিদা বেগমের বিরুদ্ধে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।