টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট তলিয়ে গেছে। এতে পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে না যাওয়ার জন্য বলা হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে দর্শনার্থীদের জন্য আবারো সাদাপাথর পর্যটন কেন্দ্র খুলে দেয়া হবে।