চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ইউনিয়নের একটি কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম অংকুর দত্ত (৩৫)। তিনি সিংহরা দত্ত বাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সকালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় সংঘার্ষের মধ্যে পড়েন অংকুর।
আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের মারামারির সময় অংকুর গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য পদের প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ও রঘুনাথ সরকারের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অংকুরকে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম শিকদার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।