নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে আরো ২১ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানো হয়। পরে বিজয়পুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- হৃদয় (২৮), মোহন (২২), আল আমিন (৩৫), ঝিনুক (২৩), হান্নান (৩০), রুহুল আমিন (২২), ছোঁয়া মজুমদার (২৩), ফারিয়া (২১), সঞ্জনা (২৪), মো. অন্তর (২৬), নেহা (২৯), লিটন (৩৪), আরোহী (২০), মুনমুন (৩৫), রিয়া (৩০), মনি (২১), আলম (৩০), ফয়সাল (২০), পূজা (৩৮), রূপসী (৩২) ও কাউসার (২৭)।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের গোয়েন্দা বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে দিল্লির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে একত্রিত করে। সেখান থেকে গতকাল বুধবার তাদের বিমানে আসাম বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে বিজয়পুর সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয়।
বিজিবি’র নেত্রকোনার অধিনায়ক এ এস এম কামরুজ্জামান জানান, পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর জিডি করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় যেতে পারবেন।
- বাসস