আগামীকালের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সময়মতো দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে প্রায় তিন লাখ প্রবাসীর ভোট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সময়মতো দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে প্রায় তিন লাখ প্রবাসীর ভোট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামীকালের মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে তাদের ভোট গণনার বাইরে থাকতে পারে বলে জানিয়েছে ইসি।

গতকাল ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এমন আশঙ্কা থাকায় আগেও ইসির পক্ষ থেকে দ্রুত পোস্টাল ব্যালট পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল। ইসি জানায়, ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।

গতকাল ভোট বিডির অ্যাপের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি স্বাক্ষর করে সাদা রঙের ব্যালট খামসহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট সঠিক সময়ে পৌঁছাতে বিলম্ব হতে পারে।’

এছাড়া ‘পোস্টাল বিডি’ অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি বলেন, ‘মোবাইল অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই। ঘোষণাপত্রে স্বাক্ষর ও ব্যালটে ভোট প্রদান সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া।

তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ব্যালট প্রাপ্তির পর থেকে হলুদ খাম হতে মোবাইল অ্যাপ বিচ্ছিন্ন হয়। ভোট গণনার সময় সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে প্রথমেই সংশ্লিষ্ট আসনের হলুদ খাম খুলে ঘোষণাপত্র ও ব‍্যালট আলাদাভাবে রাখা হবে। পরবর্তী ধাপে ব্যালট দুটি আলাদা করে প্রক্রিয়া অনুযায়ী গণনা শুরু করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ও প্রদত্ত ভোট একসঙ্গে চিহ্নিত করার কোনো সুযোগ নেই।’

ইসি জানিয়েছে, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী। আর বাংলাদেশে এসেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ৬ হাজার ৪২টি পোস্টাল ভোট।

ইসি আরো জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ৭০ হাজার ৮১০ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৩ হাজার ৬৫৫টি।

তাদের মধ্যে অনেকের ব্যালটই এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে বলে ইসি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন প্রার্থীরা। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণীর ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেয়া হয়েছে।

আরও