​চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

​ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ওপর তিনটি আলাদা পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। ​উদ্ধারকৃত অন্যান্য সরঞ্জামের মধ্যে বিস্ফোরক দ্রব্য ছাড়াও বোমা তৈরির বিপুল পরিমাণ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। র‍্যাবের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় বড় ধরনের নাশকতা ও অশান্তি সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা এসব বিস্ফোরক মজুত করেছিল।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার পাড়ঘোড়াপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এলাকার জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভেতর মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কিছু সন্দেহজনক বস্তু পড়ে আছে।

​ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ওপর তিনটি আলাদা পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ গুড়া পদার্থ উদ্ধার করা হয়। ​উদ্ধারকৃত অন্যান্য সরঞ্জামের মধ্যে বিস্ফোরক দ্রব্য ছাড়াও বোমা তৈরির বিপুল পরিমাণ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলের আশেপাশে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

র‍্যাব-৫ মিডিয়া সেল জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে অপরাধীদের ধরতে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও