প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিন মাস পেরিয়ে গেলেও দেনমোহরের টাকা পরিশোধ করেননি শফিকুল ইসলাম (৩০)। এর মধ্যেই বরযাত্রী নিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় গাড়ি থামিয়ে হামলা করেছেন প্রথম পক্ষের স্ত্রীর স্বজনেরা। এতে বরসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বর শফিকুল ইসলামসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে দুই পক্ষকে থানায় এনে ঘটনা মীমাংসা করে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। শফিকুলের বাড়ি সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। তাদের দাম্পত্য জীবনে প্রায় আড়াই বছর পার হওয়ার পর প্রায় তিন মাস আগে পারভীনকে তালাক দেয়। তবে তালাক দেয়া হলেও ওই দেনমোহরের টাকা পরিশোধ করেনি শফিকুল ইসলাম।
দেনমোহরের টাকা পরিশোধ না করেই গতকাল সন্ধ্যায় দ্বিতীয় বিয়ের জন্য মাইক্রোবাসে করে একই উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (উত্তরপাড়া) গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন শফিকুল। পথিমধ্যে ফকিরপাড়া নামকস্থানে পৌঁছালে সাবেক স্ত্রী পারভীন ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এতে বর পক্ষের অন্তত ৩ জন আহত হয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে আসে।
এ ব্যাপারে পারভীন খাতুন বলেন, শফিকুল ইসলাম আমাকে বিয়ে করে আড়াই বছর সংসার করার পর তালাক দিয়েছে। এ তালাকের প্রায় তিন মাস হলেও আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দেয়নি। এ টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শফিকুলকে পথরোধ করা হয়। সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানা নেয়া হয়েছে।