বায়ুদূষণ রোধে সরকার ঘোষিত বিশেষ অভিযানে ঢাকা ও আশপাশের পাঁচ এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে পরিবেশ দূষণের দায়ে মোট ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলার সাভার, মানিকমিয়া অ্যাভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর এবং গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেস ওয়ে এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এর মধ্যে মানিক মিয়া এভিনিউ, খিলক্ষেত ও আফতাবনগরে পরিচালিত অভিযান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবেশমন্ত্রী বলেন, 'বায়ুদূষণ নিয়ন্ত্রণে যা যা করা দরকার সরকার তা করবে। জনগণ যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারে তার সর্বোচ্চ চেষ্টা করা হবে। সরকার জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। একই সাথে সরকার বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।'