সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আজ শুক্রবার ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি। ... আমরা চেয়েছিলাম, সংসদে অভিশংসনের মধ্য দিয়ে তাকে অপসারণ করতে হবে। কিন্তু সরকার অভিশংসনের পথে না গিয়ে এই ফ্যাসিবাদের দোসরকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে।
তিনি বলেন, অসুস্থতার কথা বললেও তিনি তার পদত্যাগপত্রের মাঝে এমনভাবে ন্যারেটিভ সাজিয়েছে, যা আসলে তার জন্য সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। মো. সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেয়ার কোনো মানে নেই। তিনি যত অপরাধ করেছেন, সেগুলোর জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
এনসিপির সদস্য সচিব বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি যদি বিচারের আওতায় না আসেন, তাহলে চব্বিশের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।
এতদিন রাষ্ট্রপতির পদে আসীন থাকার কারণে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করা মাত্রই তার দায়মুক্তির আর কোনো জায়গা নেই। অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।