সাংহাই লকডাউন কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ পিছিয়ে দিল

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প। আগামী ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় নানা যন্ত্রাংশ তৈরি হচ্ছে চীনে, যা বাংলাদেশে আসছে সাংহাই বন্দর হয়ে। কভিড-১৯-এর সংক্রমণ রোধে গত দুই মাস কঠোর লকডাউনে ছিল সাংহাই। এ সময়ের মধ্যে চীনা বন্দর নগরীটি থেকে টানেলের যন্ত্রাংশ সরবরাহের কার্যক্রম ব্যাহত হয়েছে।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প। আগামী ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় নানা যন্ত্রাংশ তৈরি হচ্ছে চীনে, যা বাংলাদেশে আসছে সাংহাই বন্দর হয়ে। কভিড-১৯-এর সংক্রমণ রোধে গত দুই মাস কঠোর লকডাউনে ছিল সাংহাই। এ সময়ের মধ্যে চীনা বন্দর নগরীটি থেকে টানেলের যন্ত্রাংশ সরবরাহের কার্যক্রম ব্যাহত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রকল্পটি চলতি বছরেই শেষ করা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে।

বিষয়টি উল্লেখ করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সম্প্রতি প্রকল্পের ঋণদাতা প্রতিষ্ঠান চীনা এক্সিম ব্যাংককে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ঋণ চুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর অনুরাধ করা হয়। এ প্রস্তাবে সাড়া না দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছে ব্যাংকটি।

নির্মাণাধীন টানেলের দুটি টিউবের বোরিং কাজ শেষ হয়েছে কয়েক মাস আগে। বর্তমানে টানেলের আনুষঙ্গিক কাজ চলমান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৮৫ শতাংশ। দ্রুত কাজ এগিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার প্রত্যাশা করছিলেন সংশ্লিষ্টরা। যদিও বর্তমান পরিস্থিতিতে বিষয়টি এক প্রকার কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে ঋণচুক্তি নিয়েও দেখা দিয়েছে জটিলতার আশঙ্কা। এ জটিলতার জন্য সাংহাইয়ের দীর্ঘ লকডাউনকেই দায়ী করছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।

তাদের বক্তব্য অনুযায়ী, লকডাউনের কারণে চীনে নির্মিত যন্ত্রাংশগুলো সাংহাই বন্দর ব্যবহার করে বাংলাদেশে আসতে পারেনি। বর্তমানে কিছু যন্ত্রাংশ এলেও তা সরবরাহ হচ্ছে শ্লথগতিতে।

যদিও অর্থায়নকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়ী করা হচ্ছে বাংলাদেশী সাব-কন্ট্রাক্টরদের। চীনা এক্সিম ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, চীনের নির্মাণ উপকরণ নয়, সার্ভিস এরিয়া ও ম্যানেজমেন্ট সফটওয়্যার নির্মাণের শ্লথগতিই প্রকল্পকে ধীরগতির করে তুলেছে। এ দুটি কাজের দায়িত্বে রয়েছে স্থানীয় সাব-কন্ট্রাক্টররা। চীনের লকডাউনের সঙ্গে প্রকল্পের নির্মাণ কাজ যথাসময়ে শেষ হওয়ার কোনো সম্পর্ক নেই।

প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, টানেল নির্মাণ প্রকল্পের বর্তমান কাজ মূলত যন্ত্রাংশ আমদানিনির্ভর। আগে টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে বোরিং কাজ চলমান থাকায় শুধু ব্লক জাতীয় উপকরণের প্রয়োজন ছিল।

বোরিং কাজ শেষে এখন মূল টানেলের আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে। টানেলে সার্বক্ষণিক বিদ্যুৎ সঞ্চালনের জন্য জেনারেটর স্থাপন, বাতাস ও অক্সিজেন পরিবহনের প্রযুক্তি স্থাপন, ডেকোরেটিভ ওয়াল, ফায়ার ওয়াল, ওপেন কাট এরিয়া, ছাউনিসহ কেবল লাইন ও লাইটিংয়ের কাজ করতে হবে। এসব কাজের উপকরণ এখনো চীন থেকে না আসায় মে মাসে কাজের অগ্রগতি কমে এসেছে। এ অবস্থায় ডিসেম্বরের মধ্যে টানেলের নির্মাণকাজ শেষ করা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে সেতু বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, মেগা প্রকল্পগুলোর মধ্যে বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজের অগ্রগতি ছিল ঈর্ষণীয়। মহামারীর সংক্রমণের মধ্য দিয়েও মাসভিত্তিক লক্ষ্যের চেয়ে দ্রুতগতিতে এগিয়েছে টানেলের নির্মাণকাজ। তবে চীনে কভিডের প্রকোপ বাড়ায় হঠাৎ এখানকার নির্মাণকাজে স্থবিরতা দেখা দিয়েছে। ঋণদাতা সংস্থা বিষয়টিকে আমলে না নিয়ে বাংলাদেশী সাব-কন্ট্রাক্টরদের কাজের বিলম্বকে দায়ী করে সময় বাড়াতে অনিচ্ছা প্রকাশ করছে। এতে প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে জটিলতায় পড়েছে সেতু বিভাগ। 

নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হলেও বিল পরিশোধসংক্রান্ত নানা জটিলতার কারণে ঋণ চুক্তির মেয়াদ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের এ-সংক্রান্ত নথির তথ্য অনুযায়ী, প্রকল্প গ্রহণের সার্টিফিকেট ইস্যু করা, ঠিকাদারের বিল যাচাই-বাছাইয়ের জন্য প্রায় এক-দুই মাস সময় প্রয়োজন হবে। অর্থ ছাড়ের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে এক্সিম ব্যাংকে বিল প্রেরণ ও ঠিকাদারের অনুকূলে অর্থ ছাড় হতে আরো প্রায় এক-দুই মাস সময় লেগে যাবে। ফলে ঠিকাদার সর্বশেষ ২% বিল পাবে প্রকল্প গ্রহণের সার্টিফিকেট ইস্যু হওয়ার পর। সেক্ষেত্রে সর্বশেষ বিল ছাড় হতে সময় লেগে যেতে পারে আগামী ৪ ডিসেম্বরের পর। এছাড়া প্রকল্পের শেষ দিকের কিছু কাজের বিল দাখিলের প্রয়োজন হতে পারে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থ ছাড়ের মেয়াদ ছয় মাস বাড়ানোর চেষ্টা করছে সেতু বিভাগ।

এ বিষয়ে সম্প্রতি ইআরডির সচিব বরাবর প্রকল্প সাহায্যের অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাবটি কার্যকর করতে একটি চিঠি দেন সেতু বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল হাসান। চিঠিতে আগামী বছরের ৬ মে পর্যন্ত চুক্তির অর্থ ছাড়করণের সময়সীমা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেয়া হয়। ইআরডি থেকে এ বিষয়ে চায়নার এক্সিম ব্যাংকের কাছে প্রস্তাব পাঠানো হয়। এরপর গত ৯ মে এক্সিম ব্যাংক ঋণের মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে আগস্টের মধ্যে সর্বশেষ কিস্তির ঋণ ছাড়করণের প্রস্তাব দিতে অনুরোধ জানিয়েছে।

ইআরডি উপসচিব মাসুমা আকতারকে দেয়া এক্সিম ব্যাংকের চিঠিতে বলা হয়, প্রকল্পের অগ্রগতি শিডিউল অনুযায়ী রয়েছে। সার্ভিস এরিয়া ও ম্যানেজমেন্ট সফটওয়্যার স্থানীয় সাব-কন্ট্রাক্টর সম্পাদন করবে। ঋণের প্রাপ্যতা সময় ও গ্রেস পিরিয়ড শেষ হতে এখনো ছয় মাসের বেশি সময় রয়েছে। এ সময়ের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব ঠিকাদার ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশী সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানগুলোকে ম্যানেজমেন্ট সফটওয়্যার ও সার্ভিস এরিয়া নির্মাণকাজ যথাসময়ে শেষ করতে বলা হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, চীনের লকডাউনের কারণে টানেলের নির্মাণ উপকরণ আসতে পারছে না। এ কারণে আগের তুলনায় কাজের গতি কিছুটা কমেছে। এর পরও ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তবে নির্মাণ উপকরণ দ্রুত না আনতে পারায় ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে কিনা, সে বিষয়ে আমরা সন্দিহান।

ঋণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে চীনা এক্সিম ব্যাংকের অনীহার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

আরও