ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদের তিন বছরের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
অনুষদের ১৭টি বিভাগের মোট ১৫৬ জন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড পান। এছাড়া দেশে বিদেশে প্রকাশিত গবেষণা গ্রন্থ এবং স্বীকৃত জার্নালে প্রকাশিত মৌলিক প্রবন্ধের জন্য চারটি ক্যাটাগরিতে ১০ জন শিক্ষককে ডিন'স অ্যাওয়ার্ড দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মেধাকে মূল্যায়ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে অভিভাবকদেরও আমরা সঙ্গে রাখতে পেরেছি।
উপাচার্য বলেন, মেধার অন্যতম ভিত্তি হলো পরিশ্রম। মনে রাখতে হবে, সাফল্যের পেছনে অনেকের অবদান থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে পরম্পরা তা তোমরা ধরে রেখেছো। এটাই আমাদের গর্ব। পড়াশোনার পাশাপাশি পরিবারকেও সময় দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষাজীবনের ভারসাম্যই ভবিষ্যতকে আরো সমৃদ্ধ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রোগ্রামটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। মেধার স্বীকৃতি দিতে পারা সত্যিই এক ধরনের সার্থকতা। একজন শিক্ষক হিসেবে এটি বড় সফলতা যে তার শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এ অর্জনের পেছনে বাবা-মাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না।
সভাপতির বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, আজকের এ আয়োজন আমাদের জন্য এক গৌরবময় ও বিশেষ উদযাপনের দিন। তবে কেবল এ অর্জনে আত্মতুষ্ট হয়ে থেমে গেলে চলবে না। এ স্বীকৃতি আমাদের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা চিন্তা ও কর্মে সর্বদা সৎ থাকবে। অর্জিত জ্ঞানকে অহংকারের কারণে নয়, সমাজের কল্যাণে উদারভাবে বিলিয়ে দিতে হবে।