ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কসবা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন রাজধানীর এলিফ্যান্ড রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর মাইক্রোবাস চালক মো. রিপন। গুরুত্র আহতরা হলেন ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে মাইক্রোবাসের চালকসহ দুজন মারা যান। গুরুতর আহতরা বরিশাল শের-ইবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।