রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বুনো হাতির পালের আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারীসহ মোট ৩ জন আহত হয়েছেন।
নিহত ঝর্ণা চাকমা (৬০) রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। আহতরা হলেন, অনিমেষ চাকমা, ত্রিজয় চাকমা। আহত আরেক নারীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বুনো হাতির আক্রমনের দুটি পৃথক ঘটনার খবর জানা যায়। এ দুটি ঘটনায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ছাড়া একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আজ সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সদরবিট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় বুনো হাতির পাল আক্রমণ করে। তখন ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক সরে গিয়ে আমাদের জানান।
কর্মকর্তা জানান, বন বিভাগের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে যান এবং সন্ধ্যা ৬টার দিকে কামিলাছড়ি এলাকায় রাস্তায় আরেকটি সিএনজি অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। সেখানে দুজন নারী আহত অবস্থায় ছিলেন। তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত নারীর মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে দুটি হাতির পাল ছিল। দুটি পালে শাবকসহ ৬ থেকে ৭টি হাতি ছিল। পরবর্তীতে রাত ৭টার মধ্যেই আমরা ওই সড়কে যাতায়াতকারী ও পর্যটকদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিরাপদে সরিয়ে এনেছি।