সিলেটে জামায়াত আমির

সমঝোতার রাজনীতিই হোক আগামীর পথ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ‘দেশে টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক সংঘাত পরিহার করে সমঝোতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

নির্বাচনে আমাদের প্রত্যাশা অনেক ছিল, কিন্তু ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। তা সত্ত্বেও আমরা অতীতের মতো ঢালাওভাবে প্রত্যাখ্যান বা সংঘাতের পথে হাঁটিনি। আমরা চাই দেশে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি হোক।’

গতকাল সিলেট প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো সমাধান আসবে না। বিরোধী দলকে ইতিবাচক রাজনীতি করার সুযোগ দেয়া সরকারের দায়িত্ব। সংসদের ভেতরে বা বাইরে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আবার সব ক্ষেত্রে দমন নীতিও নয়; এ দুইয়ের মাঝখানে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমরা দেখতে চাই।’

প্রতি বছরের মতো শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের ইফতার মাহফিলকে ঘিরে সব শ্রেণী-পেশার নেতত্বস্থানীয় প্রতিনিধিদের মিলন মেলায় রূপ নেয় সিলেট প্রেস ক্লাব প্রাঙ্গণ। গণমাধ্যমকর্মী, সব রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে অংশ নেন।

সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মো. আবুল হাসান প্রমুখ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের বেশকিছু সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, ‘সেই সমস্যাগুলো সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথে এগিয়ে নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শুরুর পথে যে ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতা ছিল, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। খুব শিগগিরই এ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে।’ এছাড়া সিলেটে বিমানের ফ্লাইট-সংক্রান্ত সমস্যা ও দ্রুত দূরীকরণের আশ্বাস দেন তিনি।

আরও