সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল বেলা ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাকিম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
এর আগে বৃহস্পতিবার একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে আরো এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের চান মিয়ার ছেলে। সীমান্ত এলাকায় বারবার এ ধরনের স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।