চার জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

দেশের চার জেলায় বজ্রপাতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় তিনজন এবং লালমনিরহাট, কুড়িগ্রাম ও নাটোরে একজন করে মারা গেছেন। আজ বুধবার বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।

আর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, পৃথক দুই স্থানে বজ্রপাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তিনি খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। আর চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে ধান কাটার সময় অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক ব্যক্তি মারা যান।

লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন, কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী এলাকায় ভুট্টাক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইউসুফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি দক্ষিণ ভোটমারী এলাকার আরব আলী মুন্সির ছেলে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, নিহত ইউসুফ আলী তিন সন্তানের জনক। কৃষি কাজের সামান্য আয় দিয়ে কোনো রকম সংসার চলত তার। তার পরিবারকে সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখাকে লিখিতভাবে অবগত করা হবে। কিছু আর্থিক সাহায্য পেলে পরিবারটির উপকার হবে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছে, নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওবাইদুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি জানিয়েছেন, লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক আজিজ মন্ডল। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তিনি মারা যান

আরও