কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় দুটি পুকুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত পুকুরের পানি সেঁচে এ উদ্ধার কার্যক্রম চালানো হয়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভারত থেকে অবৈধ অস্ত্রের একটি বড় চালান কুমিল্লায় প্রবেশের খবর পায়। এ তথ্যের ভিত্তিতে ভারত সীমান্ত থেকে প্রায় অর্ধ কিলোমিটার ভেতরে অবস্থিত কটকবাজার এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। সেখানে দীর্ঘ সময় নজরদারি চালানোর পর তারা নিশ্চিত হয় যে অস্ত্রগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছে।
এরপর ভোর রাতে পাশাপাশি অবস্থিত দুটি পুকুরে পানি সেঁচের কাজ শুরু করে র্যাব। টানা কয়েক ঘণ্টা তল্লাশির পর দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়।
তল্লাশির সময় উভয় পুকুর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো দুটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো খুলে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি ম্যাগাজিন, একটি রিভলবার, দুটি একনালা বন্দুক, বিপুল পরিমাণ গুলি এবং ৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
র্যাব জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।