অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। অক্টোবরে তা হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নেমে এসেছে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে খাদ্য-বহির্ভূত পণ্যের দাম বাড়ায় এক্ষেত্রে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের চেয়ে বেড়েছে। অক্টোবরে খাদ্য-বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৮৯ শতাংশ।
গ্রামীণ পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৮ দশমিক ৪৭ শতাংশ থেকে কমে অক্টোবরে হয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। গ্রামে অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৯৪ ও খাদ্য-বহির্ভূত পণ্যে ৯ দশমিক ৪১ শতাংশ।
অন্যদিকে শহরে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। খাদ্যে ৭ দশমিক ৪৫ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত খাতে ৮ দশমিক ৯২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। পরে আগস্টে খানিকটা কমে দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। তবে সেপ্টেম্বরে ফের মূল্যস্ফীতি বাড়ার তথ্য দিয়েছিল বিবিএস। ওই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
বিবিএস মূল্যস্ফীতি কমার তথ্য দিলেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে চাল, ডাল, আটা, ভোজ্যতেলের দাম অপরিবর্তিত ছিল।