বরগুনার পাথরঘাটায় রিয়াজ নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আবুল বাশার সুজন (৩৮) নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার সুজন রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোবাইলসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে (২০) মারধর করেন সুজন। খবর পেয়ে কালুর বড় ভাই রিয়াজ (২৮) ঘটনাস্থলে গেলে তার ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর শুক্রবার সকালে এলাকাবাসী উত্তেজিত হয়ে সুজনের বাড়িতে গিয়ে তাকে গণপিটুনি দেয়। একপর্যায়ে তার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। পরে দুপুরে পুলিশ সুজনকে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির উঠান থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার উপ পরিদর্শক অশিত কুমার জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।