মেঘনা নদীর ভাঙন ঠেকাতে লক্ষীপুরে দীর্ঘ তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মজুচৌধুরীরহাট থেকে কমলনগর ও রামগতি পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ মার্চ) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, মেঘনার ভাঙনের কারণে অনেক মানুষ বাড়িঘর ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। বিশেষ করে মজুচৌধুরীরহাট থেকে কমলনগর ও রামগতি এলাকার অনেক মানুষ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন কাটাতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যার কারণে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় বড় ধরনের ক্ষতি হয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর, রামগতি ও বয়ারচর পর্যন্ত এলাকায় তীর রক্ষা বাঁধ না থাকায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই জমিজমা ও উৎপাদিত ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজও শুরু করেছে। নদীর তীর রক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে এবং কাজের মান কেমন, সে বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বিশেষভাবে নজর রাখবে বলে তিনি জানান। পাশাপাশি চলমান কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যা।