শীর্ষস্থানীয় সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে বিবিএসের টাস্কফোর্স

দেশের শীর্ষ সংস্থাগুলোর সঙ্গে সভা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডাটা মান ও স্বচ্ছতার উন্নয়নে গঠিত অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্স।

দেশের শীর্ষ সংস্থাগুলোর সঙ্গে সভা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডাটা মান ও স্বচ্ছতার উন্নয়নে গঠিত অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্স। গতকাল বিবিএস প্রধান কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান সভায় সভাপতিত্ব করেন। টাস্কফোর্সের সদস্য সচিব বিবিএসের সাবেক ডিজি (মহাপরিচালক) মোহাম্মদ আবদুল ওয়াজেদ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রাব্বানী এবং বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস।

এ সভায় টাস্কফোর্স সদস্যরা পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে কাজের পরিধি ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তারা পিপিআরসিতে একটি সভা আয়োজন করে টাস্কফোর্সের কৌশলগত দৃষ্টিভঙ্গি ও একটি কর্মপরিকল্পনা তৈরির কাজ করেছেন। টাস্কফোর্স বিবিএসের প্রাতিষ্ঠানিক সহায়তায় পাঁচটি প্রধান অংশীজনের সঙ্গে সভা করবে। এর মধ্যে রয়েছে একাডেমিশিয়ান, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম, বেসরকারি খাতের প্রতিনিধি ও এনজিও। এছাড়া মাঠ পর্যায়ে ডাটা উৎপাদনের বাস্তবতা যাচাই করবে। এ আয়োজন থেকে পাওয়া তথ্যের আলোকে ৯০ দিনের মধ্যে একটি প্রস্তাব পরিকল্পনা উপদেষ্টার কাছে জমা দেয়া হবে।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘পরামর্শ সভাগুলো এমনভাবে আয়োজন করা হবে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী সংস্কার প্রক্রিয়া তৈরি হয়।’

আরও