দীর্ঘ এক মাসের অচলাবস্থার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো আজ সকাল ১০টায় খুলে দেয়া হবে। আর আগামী রোববার থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। গতকাল বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে হল খোলার সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ থেকে উপাচার্যের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগকে ২ কোটি টাকা দেয়ার অভিযোগ ওঠে। গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে দুর্নীতি তদন্তের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। গত ৪ নভেম্বর সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরদিন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আহত হন ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ মোট ৩৫ জন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেদিনই জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে ২০, ২৬ ও ২৮ নভেম্বর উপাচার্য বরাবর তিন দফায় আবেদন জানান একদল শিক্ষার্থী। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ হল খোলা ও অন্যান্য দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে জাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে হল খুলে ক্লাস-পরীক্ষা সচল করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া হয়। অবশেষে গতকাল অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় হল খোলা ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হলো।