তনু হত্যা মামলার নতুন মোড়, তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলাটি নতুন মোড় নিচ্ছে। মামলা দায়েরের ১০ বছর পর আজ সোমবার তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির হলে তাকে এ নির্দেশ দেয়া হয়। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন ওই তদন্ত কর্মকর্তা।

তিনি বলেন, আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। আদালতে তদন্তের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হবে। তবে এখনই চার্জশিট হচ্ছে না বলেও এ কর্মকর্তা জানান।

দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও এখনো হত্যাকারী শনাক্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন। তিনি বলেন, মেয়ে হত্যার ১০ বছর পার হয়ে গেছে। অসংখ্যবার বিভিন্ন জায়গায় গিয়ে সাক্ষ্য দিয়েছি, কিন্তু এখনও কোনো ফল পাইনি। নতুন সরকারের কাছে দাবি অন্তত মরার আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই।

এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও