সাতক্ষীরায় হাসপাতালে অগ্নিকাণ্ড

সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থান করা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। একই সঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালটির নিচতলায় অবস্থিত অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণাগার এলাকায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, তাদের স্বজন ও হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা স্টেশনের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, ‘দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও